২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলেও কাঠের চেয়ারে ওবায়দুল কাদের

যোগাযোগ মন্ত্রণালয়ে আরামদায়ক চেয়ার সরানোর পর এবার রেলপথ মন্ত্রণালয়েও কাঠের চেয়ার দিতে বলেছেন ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

শামীম আহমেদ জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর যেভাবে মন্ত্রীর আরামদায়ক চেয়ার সরিয়ে দিয়েছিলেন ওবায়দুল কাদের, তেমনি দায়িত্ব পাওয়ার পর রেলপথ মন্ত্রণালয়েও কাঠের চেয়ার দিতে বলেছেন তিনি। বুধবার রেলপথ মন্ত্রণালয়ে গিয়েই মন্ত্রীর আরামদায়ক চেয়ারটি সরাতে কর্মকর্তাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সুরঞ্জিত সেনগুপ্ত দপ্তর হারানোর পর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাদের, সরকার গঠনের প্রায় তিন বছর পর গত ২৮ নভেম্বর যিনি সুরঞ্জিতের সঙ্গেই মন্ত্রী হয়েছিলেন। গত ৭ ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার সময় আরামদায়ক চেয়ার সরিয়ে কাদের বলেছিলেন, “আমি সোজা হয়ে বসতে চাই।” নতুন দায়িত্ব নিয়ে রেলভবনে ঢোকার পরপরই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওবায়দুল কাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে আসেন। এতে তিনি বিরক্ত প্রকাশ করেন। রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে কাদের বলেন, আগামী মঙ্গলবার তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারীর দায় নিয়ে গত সোমবার পদত্যাগ করেন রেলপথমন্ত্রী সুরঞ্জিত। এরপর তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। যোগাযোগ ও রেলপথ আগে এক মন্ত্রণালয়ের অধীন ছিল, যার দায়িত্বে ছিলেন সৈয়দ আবুল হোসেন। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে গত ডিসেম্বর আবুল হাসানকে সরানো হয়, একইসঙ্গে দুই ভাগ করা হয় যোগাযোগ মন্ত্রণালয়কে। নতুন দুই মন্ত্রীর একজন ওবায়দুল কাদের পান যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব, রেলের দায়িত্ব পান সুরঞ্জিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬৫৫ ঘ.