সিলেট, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার খবরে বৃহস্পতিবার সিলেট মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন দলের স্থানীয় নেতারা।
বুধবার সকালে সিলেট শহরের কোর্ট পয়েন্টে এক জনসভা থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমউদ্দিন মিলন এই হরতালের ঘোষণা দেন।
দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুন ময়ুন পৌর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন।
দুপুরে সিলেট মহাসড়কের মিরপুর ও শায়েস্তাগঞ্জে অবরোধ চলাকালে সমাবেশ থেকে হবিগঞ্জ জেলা ছাত্রদল হরতালের ডাক দেয়।
পরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা বিএনপি এ হরতালের সমর্থন দিয়েছে। বিকেলে সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।
সমাবেশে বিএনপি নেতারা অবিলম্বে ইলিয়াস আলীকে খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
এই খবর ছড়িয়ে পড়লে সিলেট-২ আসনের সাবেক সাংসদ ইলিয়াস আলীর সমর্থকরা বুধবার সকাল থেকে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন অংশে জড়ো হতে শুরু করেন। ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.
bdnews24