২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনায় বোমা মামলায় আরো একজনের সাক্ষ্য

রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আরো এক তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আরো এক তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক আওলাদ হোসেন মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ সাক্ষ্য দেন। বিচারক মো. আখতারুজ্জামান আগামি ২২ এপ্রিল পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। দীর্ঘ সাত মাস পর সোমবার এ মামলার অন্যতম তদন্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান ভূইয়ার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি পুনরায় সচল হয়। এর আগে এ মামলায় গত বছরের ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের ৫২তম সাক্ষী ও অন্যতম তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু ইউসুফ আলী মোল্লার সাক্ষ্য নেওয়া শেষ হয়েছিল। মামলার শুনানির জন্য দীর্ঘ দিন পর পর তারিখ দেওয়া এবং আদালতে সাক্ষীদের উপস্থিত না হওয়াসহ নানা কারণে এ ঘটনায় দায়ের হওয়া মামলা দুটি দীর্ঘসূত্রতার জালে আটকা পড়ে। এ মামলায় আরো ৪ তদন্ত কর্মকর্তা হলেন- রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক মোজাম্মেল হক, গোয়েন্দা পরিদর্শক কাজী নূর আলম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক লোকমান হোসেন মোল্লা ও আবু হেনা ইউসুফ। ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। ওই দিনই রমনা থানায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। ছয় জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে বর্তমানে আট জন কারাগারে, একজন জামিনে ও বাকি পাঁচ জন পলাতক রয়েছেন। কারাগারে রয়েছেন- হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা সাব্বির, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মাওলানা ইয়াহিয়া। জামিনে রয়েছেন মাওলানা আকবর হোসেন। পলাতক আসামিরা হলেন- মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/পিডি/২২৪০ ঘ.