ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম দূর করতে প্রতিটি ফেরিঘাটে একটি করে ব্যবস্থাপনা কমিটি করবে সরকার।
এছাড়া ব্যবস্থাপনা কমিটিগুলোর তদারকিতে কেন্দ্রীয়ভাবে একটি সেলও গঠন করা হবে।
সচিবালয়ে মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নৌমন্ত্রী শাজাহান খান।
দৌলদিয়া-পাটুরিয়া এবং কাওড়াকান্দি-মাওয়া নৌপথে সুষ্ঠুভাবে যানবাহন পারাপার এবং দেশের সব ফেরিঘাটে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম বিষয়ে এ সভা হয়।
বর্তমানে দেশে ১২টি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে দৌলদিয়া-পাটুরিয়া এবং কাওড়াকান্দি-মাওয়া ফেরিঘাটে চাঁদাবাজি হচ্ছে বলে স্বীকার করেন মন্ত্রী।
তিনি বলেন, “ফেরিঘাটগুলোতে চাঁদাবাজি নিয়ে আমরা উদ্বিগ্ন। ফেরিঘাটগুলোর অনিয়ম বন্ধে ১২টি ফেরিঘাটে আগামী ১ মে থেকে ব্যবস্থাপনা কমিটি কাজ শুরু করবে।”
ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের একজন প্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির একজন করে প্রতিনিধি থাকবে।
জেলা প্রশাসকের প্রতিনিধি এই কমিটির সম্বয়কের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রী বলেন, এই কমিটি ফেরিঘাটে গাড়ি পারাপারে শৃঙ্খলার বিধিবিধান নিশ্চত করবে। এছাড়া সিরিয়াল ব্যবস্থাপনায় অনিয়ম রোধ, সিরিয়াল ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের খরচ কীভাবে নির্ধারণ করা যায় সে বিষয়ে সুপারিশ দেবে এ কমিট।
ফেরিঘাটে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম বন্ধে টাস্ক ফোর্স গঠনের প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে এর কার্যপরিধি নির্ধারণ; গাড়ির চালক ও সুপারভাইজাররা নিজেরাই যেন ফেরি পারাপারের টিকেট কাটতে পারেন- এ কমিটি সে বিষয়টিও নিশ্চিত করবে বলে জানান মন্ত্রী ।
শাজাহান খান বলেন, ব্যবস্থাপনা কমিটিগুলোকে পর্যবেক্ষণের জন্য নৌ, যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন করে প্রতিনিধি, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির একজন করে প্রতিনিধি নিয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে।
ফেরিঘাটগুলোতে গাড়ি পারাপারের জন্য কম্পিাউটারাইজড পদ্ধতিতে টিকেট বিক্রি করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া দৌলদিয়া-পাটুরিয়া এবং কাওড়াকান্দি-মাওয়া ফেরিঘাটে সিসিটিভি স্থাপন করা হবে বলে জানান নৌমন্ত্রী।
তিনি জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানজট নিরসনে নতুন করে চার লেনের একটি বাইপাস সড়ক করা হবে।
এই সড়ক নির্মাণে দরপত্র ডাকা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “পর্যাপ্ত টাকা না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। এ ব্যাপারে যোগাযোগমন্ত্রীকে অনুরোধ করা হবে।”
ফেরিঘাটগুলোতে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, “পরিবহন শ্রমিক ফেডারেশনের লোকজন নয়, স্থানীয় কিছু লোক চাঁদাবাজি করে।”
সভায় যোগাযোগ, নৌ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌসচিব মো. আব্দুল মান্নান হাওলাদার, ফেরিঘাট সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ সুপার ও জেলা প্রশাসক, রাজবাড়ির সাংসদ কাজী ইকরামত আলী, মানিগঞ্জের সাংসদ ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮৩০ ঘ.
bdnews24