২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত বাস ভাড়া আদায়, সড়ক অবরোধ মাগুরায়

ঢাকা-মাগুরা রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে রোববার আধঘণ্টা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

মাগুরা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-মাগুরা রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে রোববার আধঘণ্টা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকায় অবস্থানকারী মাগুরার ছাত্ররা অবরোধ ছাড়াও অবস্থান, বিক্ষোভ মিছিল এবং সমাবেশও করেছেন। সকাল ১১টায় মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করার পর ঢাকা-খুলনা মহাসড়কে ভায়নার মোড়ে তারা সড়ক অবরোধ করে। এ সময় সড়কে বহু যানবাহন আটকা পড়ে। সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে। এ সময় সমাবেশে বক্তারা বলেন- সরকার নির্ধারিত প্রতি কিলোমিটার এক টাকা ৩৫ পয়সা হিসাবে মাগুরা থেকে ঢাকার ভাড়া হয় সর্বোচ্চ ২৩৫ টাকা। অথচ সিট প্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ টাকা। সমাবেশে বক্তব্য দেন মো. মাহফুজুর রহমান, খন্দকার শফিকুল ইসলাম উল্লস প্রমুখ। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সরকার নির্ধারিত হারে ভাড়া নির্ধারণ, প্রতিটি বাসে মাগুরার জন্য ১০টি করে সিট সংরক্ষণ, নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টারে টাঙানো, ধর্মীয় উৎসব, বৃহস্পতিবার ও ছুটির দিনে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানাভাবে যাত্রী হয়রানি না করা। ছাত্রদের এ দাবিকে সমর্থন জানিয়ে শহরের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ এ আন্দোলনে সংহতি জানিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাহাত আনোয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সময়িকভাবে তাদের কর্মসূচি তুলে নেয়। এর আগে গত ৫ এপ্রিল একই দাবিতে মাগুরা শহরে মানববন্ধন ও সমাবেশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫৫ ঘ.