নোয়াখালী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার পর একঘণ্টা সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
সোমবার সকালে আবদুল্লাহ মিয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রিয়াজ উদ্দিন (৬) আবদুল্লাহ মিয়ারহাট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সে পূর্ব চরজব্বর গ্রামের প্রবাসী আবদুল করিমের ছেলে।
রিয়াজের মা রোজিনা বেগম সাংবাদিকদের জানান, বিদ্যালয়ের সামনে রাস্তা সড়ক পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার ছেলের মৃত্যু হয়।
ঘটনার পরপরই ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ বাস চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
চর জব্বর থানার ওসি আবুল কালাম চৌধুরী জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24