চট্টগ্রাম, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীর্ণ পুরনোকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখী উৎসবে মেতেছে বন্দরনগরী চট্টগ্রাম।
বর্ষবরণের উৎসবে মিলিত হতে শনিবার ভোর থেকেই শত শত মানুষ নগরীর ডিসি হিল, সিআরবি শিরিষ তলা ও বাওয়া স্কুল মাঠে সমবেত হতে শুরু করে। এক পর্যায়ে উৎসবস্থল পরিণত হয় জনসমুদ্রে।
আগের দিন বৃষ্টির চোখ রাঙানি থাকলেও ১৪১৯ বঙ্গাব্দের প্রথম দিনটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই উপহার দিয়েছে বাঙালিকে। আর সাদা-লাল, কমলা-হলুদ পোশাকে ঢোলবাদ্যের তালে তালে সাড়া দিয়েছেন সব বয়সী নারী-পুরুষ-শিশু।
কেউ নাচছে, কেউ গাইছে, কেউ বাজাচ্ছে বাঁঁশি। তবে শুধু গান-নৃত্য-আবৃত্তি-নাটক নয়, ছোট ছোট আড্ডাতেও মিশে আছে প্রাণের ফল্গুধারা।
ডিসি হিলের উৎসবে আসা বেসরকারি চাকরিজীবী এসএম ইউসুফ সোহেল বলেন, “নতুনের রঙে মুছে যাবে পুরনো সব গ্লানি- এটাই বৈশাখের প্রত্যাশা। হাজারো মানুষের এই উৎসবে এসে, পুরনো বন্ধুদের দেখা পেয়ে খুবই ভালো লাগছে।”
একঝাঁক বন্ধুসহ সিআরবি শিরিষ তলায় বর্ষবরণের অনুষ্ঠানে এসেছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া আফরিন। সব কিছু ভাল হোক- নতুন বছরে এটাই তার প্রত্যাশা।
ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। রাগসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথমে নতুন বছরের প্রথম সূর্যকে স্বাগত জানানো হয় এ অনুষ্ঠানে।
এরপর বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে বর্ষবরণ সম্মিলন পরিষদের আয়োজনে বাওয়া স্কুল মাঠে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সিআরবি সাত রাস্তার মোড়ে টিলার ওপর চলে বর্ষবরণের অনুষ্ঠান।
নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মেলা বসেছে। চট্টগ্রাম সরকারি কলেজে আয়োজন করা হয়েছে বৈশাখী উৎসবের।
এছাড়া নগরীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বৈশাখ বরণে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/১৩০২ ঘ.
bdnews24