নারায়ণগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণকারীর বিচারের দাবিতে পৃথক দু’টি মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার জুমআ’র নামাজের পর ব্রাহ্মণদি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এবং দিঘলদী বাজারে এ দু’টি মানববন্ধন হয়।
এতে দিঘলদী বাজার জামে মসজিদ, মারুয়াদী জামে মসজিদ এবং দিঘলদী কান্দাপাড়া জামে মসজিদের মুসল্লীরাও অংশ নেন।
গত শনিবার উজান গোপিন্দী গ্রামে স্কুলগামী এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ব্রাহ্মণদী ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাঈম ও তার সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে মেয়েটির পরিবার অভিযোগ করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনে দুপুরে স্কুল ছাত্রীকে অপহরণ করে ব্রাহ্মণদি ইউপি চেয়ারমান লাক মিয়ার ভাতিজা নাঈম তারেক ও তার সহযোগীরা ধর্ষণ করেছে।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য লাক মিয়া ও তার লোকজন চেষ্টা চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
তারা আরো অভিযোগ করেন, ঘটনার ১৮ ঘণ্টা পর মামলা নিয়েছে। কিন্তু ঘটনার সাতদিন পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
আড়াইহাজারে থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24