ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল, গাইবান্ধা, হবিগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।
টাঙ্গাইল:
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের আটিয়া উলাউল গ্রামে বজ্রপাতে মঙ্গল মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৫৫) ও ছেলে সজিব মিয়ার (২৫) মৃত্যু হয়। একই সময় আহত হন মঙ্গল মিয়ার চাচা আফাজ মিয়া (৫০) ও পুত্রবধূ শেফালী বেগম (২২)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ভাদ্রার ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান শওকত আলী।
গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে ঝড়ের সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান বাহারাম উদ্দিন বেপারী (৪৫)। তিনি উপজেলার দামোদপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত বয়েজ উদ্দিন বেপারীর ছেলে।
দামোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সী জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী লালবাজার থেকে ঝড়ের মধ্যেই ফেরার পথে বজ্রপাতের শিকার হন বাহারাম। এতে তার সমস্ত শরীর ঝলসে গিয়ে মারা যান।
হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা যান। তিনি উপজেলার গঙ্গানগর গ্রামের ডায়মন্ড মিয়ার স্ত্রী। একই সময় আহত হন- একই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খেলা বেগম (৩৫) ও আজগর মিয়ার স্ত্রী জুবেদা বেগম (৪৫)।
স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টায় ওই তিন নারী বাড়ির পাশের মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। আহত দু’জনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর:
মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাতে সকালে বজ্রপাতে মারা যান কামাল হোসেন নামে এক যুবক। তিনি চরজানাজাত গ্রামের জহিরউদ্দিনের ছেলে।
রাজবাড়ী:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি গ্রামে সকালে বজ্রপাতে নিফাজ উদ্দিন মণ্ডল (৬০) নামের এক কৃষক মারা গেছেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সকাল ৯টার দিকে তিনি ক্ষেতে কৃষি কাজ শেষে নিজ বাড়ির সামনে নলকূপে হাত মুখ ধোঁয়ার সময় বজ্রপাতের শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/২১০৭ ঘ.
bdnews24