২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতুর চূড়ান্ত চুক্তি যুক্তিযুক্ত সময়ে’

বাংলাদেশ ও মালয়শিয়ার ‘জাতীয় স্বার্থ’ বিবেচনায় রেখেই এ চুক্তি হবে বলে যোগাযোগমন্ত্রী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ায় সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দেশে ফিরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যুক্তি-যুক্ত’ সময়ে এর চূড়ান্ত চুক্তি হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এখন চূড়ান্ত চুক্তির প্রস্তাব মালয়শিয়া দেবে। তারা কবে নাগাদ এ প্রস্তাব দেবে তা তাদের ব্যাপার।” তিন দিনের সফরে মালয়শিয়া গিয়ে গত মঙ্গলবার কুয়ালালামপুরে ‘কো-অপারেশন অন পদ্মা মাল্টিপারপাস ব্রিজ অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট’ শিরোনামে এই সমঝোতা স্মারকে সই করেন কাদের। এর ভিত্তিতে কবে নাগাদ চূড়ান্ত চুক্তি হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যুক্তিযুক্ত’ সময়ে এ চুক্তি হবে। এরপরও সম্ভাব্য একটি সময় জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন “এ করে করে আপনারা অনেক মন্ত্রীকে পেঁচিয়ে ফেলেছেন। সময়ের ব্যাপারে কিছু বলতে চাই না।” তবে আগামী ১০ মাসের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, “অর্থায়নের বিষয়ে মালয়শিয়া কনসোর্টিয়ামের সব সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও মালয়শিয়ার জাতীয় স্বার্থ বিবেচনা করেই পদ্মা সেতুর মূল চুক্তি হবে।” ‘বিল্ট অন অপারেট অ্যান্ড ট্রান্সফার’ পদ্ধতিতে পদ্মাসেতু নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “আলাপ আলোচনা করে মালয়শিয়ার সঙ্গে বিস্তারিত চুক্তি করা হবে। এখানে সুদের কোনো বিষয় নেই।” “পদ্মা সেতু নির্মাণে টাকা জোগাড় করবে মালয়শিয়া। সেতু তৈরি করার পর তারা নির্দিষ্ট সময়ে টাকা তুলে নেবে।” ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ আরো কয়েকটি দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি করেছিল সরকার। ওই সময় প্রকল্প ব্যয় ধরা হয় ২৯০ কোটি ডলার। তবে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থছাড় স্থগিত করে বিশ্ব ব্যাংক। এর পর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংকও ঋণ সহায়তা ছাড় করেনি। এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করে মালয়শিয়া। গত ২৫ মার্চ মালয়শিয়ার মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার সঙ্গে চুক্তির ফলে বিশ্বব্যাংকের সঙ্গে কোনো সমস্যা হবে না। রেলমন্ত্রীর বিষয়ে ‘নো কমেন্ট’ রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনায় প্রশ্ন করলে যোগাযোগমন্ত্রী বলেন, “নো কমেন্ট। এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ” গত বছর শেষদিকে একইসঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নেন কাদের ও সুরঞ্জিত; যার আগে অন্য মন্ত্রীদের কর্মকাণ্ডের সমালোচনার জন্য আলোচিত হন দুজনেই। সোমবার রাতে গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে বিপুল টাকাসহ আটক হন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার। পরে তাকে ছেড়েও দেওয়া হলেও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মুখ খোলেনি। ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল। এ ঘটনায় ফারুককে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া আলাদা দুটি তদন্ত কমিটিও করেছে রেল কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৫১৬ ঘ.