২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮৭ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামে এক বাসা থেকে চুরি যাওয়া ৮৭ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকা গাজীপুর ও বরগুনা থেকে উদ্ধার করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক বাসা থেকে চুরি যাওয়া ৮৭ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকা গাজীপুর ও বরগুনা থেকে উদ্ধার করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল কাদের ফকির (৫৫) এবং তার ছেলে মো. রিয়াজ উদ্দিন ফকির ওরফে রুবেল (২২)। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার আঙ্গুলকাটা গ্রামে। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। গত ১৪ মার্চ কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারে আবুল কাশেমের বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ পালিয়ে যায় কেয়ারটেকার সালাউদ্দিন। পুলিশ কমিশনার আবুল কাশেম জানান, মালিকের অনুপস্থিতিতে বাসার কেয়ারটেকার সালাউদ্দিন স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে পালিয়ে বরগুনায় বোনের বাড়িতে যায়। সেখানে গিয়ে ভাগ্নে রুবেলকে চুরির ঘটনা জানিয়ে দশ হাজার টাকা দেয়। পরে বাকি টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তিনি জেলার নিজের বাড়িতে চলে যান। বরগুনায় সালাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে বালিশের ভেতর থেকে চুরি যাওয়া ৮৭ ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি পাঁচ লাখ টাকা আটক আব্দুল কাদেরের সোনালী ব্যাংকের হিসেব থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান কাশেম। অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ জানান, চুরির ঘটনায় সহযোগিতার অপরাধে কাদের ও তার ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/২১২৩ ঘ.