২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের পথে প্রধানমন্ত্রী

তিন দিনের এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 03:46 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের সফরে বুধবার দুপুরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে তুরস্কের সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। বুধবার দুপুর সোয়া ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের আংকারার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তুরস্কের সময়ে বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় তার আংকারা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা এবং তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী এই সফরে আংকারার হোটেল শেরাটনে অবস্থান করবেন। তার সফরসঙ্গী হিসাবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে আনিতকাবির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে। দুপুরে তুরস্কের প্রেসিডেন্ট এবং বিকালে তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিন বিকালেই শেখ হাসিনা তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। ওই বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কয়েকটি কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষরের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগানের বাসভবনে বৃহস্পতিবার নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। এর পরদিন (শুক্রবার) সকালে তুরস্কের বাণিজ্য ও বিনিয়োগকারী ফোরামের প্রতিনিধিদের সংগঠন তাসকনের সদস্যদের সঙ্গে প্রাতঃরাশ করবেন প্রধানমন্ত্রী। এরপর আংকারা বিশ্ববিদ্যালয়ে ‘জনগণের ক্ষতায়ন’ বিষয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী বিকালে আংকারায় বাংলাদেশ দূতাবাসের জন্য বরাদ্দ করা জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি উন্মোচন এবং দূতাবাসের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । তুরস্কের বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারোওলুর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর মত বিনিময় করার কথা রয়েছে। শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে আংকারা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/জেকে/১৪৩০ ঘ.