২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা

আমদানি করা চিনির চেয়ে দেশীয় চিনির দাম বেশি হওয়ায় ঠাকুরগাঁও চিনিকলে চলতি বছরে উৎপাদিত প্রায় সব চিনি অবিক্রিত রয়ে গেছে। ফলে আখের দাম পাচ্ছেন না চাষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঠাকুরগাঁও, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করা চিনির চেয়ে দেশীয় চিনির দাম বেশি হওয়ায় ঠাকুরগাঁও চিনিকলে চলতি বছরে উৎপাদিত প্রায় সব চিনি অবিক্রিত রয়ে গেছে। ফলে আখের দাম পাচ্ছেন না চাষীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র তিন বস্তা চিনি বিক্রি করা সম্ভব হয়েছে, তাও ফেরি করে। ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিবেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, চিনিকলের প্রায় সব চিনিই পড়ে রয়েছে; যার মূল্য প্রায় ২৬ কোটি টাকা। চিনিকলের উৎপাদিত চিনির দাম টনপ্রতি ৫৫ হাজার টাকা পড়লেও আমদানিকৃত চিনি প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ৫৩ হাজার থেকে ৫৪ হাজার টাকায়। এ কারণেই কেউ দেশীয় চিনি কিনছে না বলে মনে করেন শিবেন্দ্র নাথ সরকার। তিনি জানান, চিনি বিক্রি না হওয়ায় দেড়শ’ আখচাষীর প্রায় ৫০ লাখ টাকা পাওনা মেটানো যাচ্ছে না। পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের আখচাষী ময়নুল হক জানান, তিনি ৬ একর জমিতে আখ চাষ করেছিলেন। মিল কর্তৃপক্ষের কাছে তার পাওনা ৩৪ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েকদিন ধরে মিলে ঘোরাঘুরি করেও তিনি টাকা পাচ্ছেন না। এমনকী ঊর্ধ্বতন কারো সঙ্গে কথাও বলতে পারছেন না। টাকার অভাবে ডিজেল কিনতে না পারায় বোরোর জমিতে সেচ দিতে পারছেন না বলে আক্ষেপ করেন আখচাষী ময়নুল। ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা পরিমল কান্তি দাস ও ওবায়দুল হক জানান, আর্থিক সঙ্কটের কারণে মিলের শ্রমিক-কর্মচারীরা মার্চ মাসের বেতন ভাতা পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮১৩ ঘ.