ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।
সম্ভাব্য প্রার্থীসহ সবাইকে নির্বাচনী আচরণবিধি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অন্যথা হলে কমিশন আইন প্রয়োগে কঠোর হবে।
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ। তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের জন্য এটিই হবে প্রথম নির্বাচন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৪ মে। এর আগে ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে এবং ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২ মে।
এ দায়িত্বকে একটি চ্যলেঞ্জ হিসাবে উল্লেখ করে সিইসি বলেন, “এট একটা বড় নির্বাচন। আমরা প্রতিটি কাজই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। কোনোটিকে ছোট করে দেখছি না। এট অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। এটা ম্যানেজ করা বড় ব্যাপার। এ জন্য সবার সহযোগিতা দরকার।”
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে সিইসি বলেন, “ডিসিসি নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে সবাইকে যথাযথভাবে বিধিবিধান অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে।”
মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। আর নির্বাচনী আইন লঙ্ঘন করলে কমিশন প্রার্থিতাও বাতিল করতে পারে।
তিনি জানান, ডিসিসির দুই ভাগে সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেনা মোতায়েন নিয়েও আগাম কিছু বলতে রাজি নন তিনি।
কাজী বলেন, “অবস্থা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধেরও যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
এ নির্বাচনে ডিসিসি উত্তরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। তাকে সহযোগিতা করবেন ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
আর দক্ষিণের দায়িত্ব থাকবেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহপরিচালক খোন্দকার মিজানুর রহমান। ১৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে সহযোগিতা দেবেন।
এই নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। আপিল কর্তৃপক্ষের দায়িত্বে থাকবেন ঢাকার বিভাগীয় কমিশানার।
ডিসিসিতে মোট ভোটার ৩৮ লাখ ৫২ হাজার ৯৯২৬ জন। দুই ভাগে ৯২টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১২টি, দক্ষিণে ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে। সম্ভাব্য মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৯৫৭টি ও ভোটকক্ষ ১০ হাজার ২৫৬টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24