ঠাকুরগাঁও, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাসের নিচে স্ত্রীর ঝাঁপিয়ে পড়া ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নেকমরদে একই বাসের নিচে চাপা পড়ে মারা যান রাণী আখতার (২৫) ও তার স্বামী একরামুল হক (৩০)। তাদের বাড়ি দুর্ঘটনাস্থলের পাশের পশ্চিম ভবানন্দপুর গ্রামে।
নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক ও প্রতিবেশী সাহাবুদ্দিন মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় একরামুলের ছেলে খাদেমুল (১০) টিভি দেখতে চাইলে তার মা রাণী আখতার বাধা দেন। এনিয়ে মায়ের সঙ্গে ছেলের বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে রাণী ‘এই জীবন রাখব না’ বলে বাড়ির পাশের সড়কে একটি ছুটে যান। তাকে ঠেকাতে পেছন পেছন ছুটে যান একরামুলও। তারা দুজনেই একটি মিনিবাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই একরামুলের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাণী আখতারও।
রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার ভৌমিক জানান, স্ত্রীকে বাঁচাতে গিয়েই স্বামীর মৃত্যু হয়েছে। মিনিবাসটি পালিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান থানার ওসি ফিরোজ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১৬০০ ঘ.
bdnews24