২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬

রাঙামাটিতে বাস দুর্ঘটনায় আহত আরো দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

রাঙামাটি/চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে বাস দুর্ঘটনায় আহত আরো দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী বাসটি রাঙামাটি বেতার কেন্দ্রের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রায় দুইশ’ ফুট নিচে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। রাঙামাটির কোতোয়ালি থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় আহত ৩৩ জনের মধ্যে ২৫ জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ সৈয়দ জানান, হাসপাতালে ভর্তি ২৫ জনের মধ্যে দুইজন বৃহস্পতিবার গভীর রাতে মারা যান। এরা হলেন- রোজি চাকমা (২৫) ও অরুণা চাকমা (৩২)। দুর্ঘটনাস্থলে নিহতরা হলেন- বাসটির চালক আব্দুল মান্নান, যাত্রী কাইয়ুম ও শহীদ। অপর বাসযাত্রীর পরিচয় জানা না গেলেও তিনি পাহাড়ের বাসিন্দা বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএন/জেকে/১৪২৫ ঘ.