ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রচেষ্টা সত্ত্বেও সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিশেষ দূত সাতিন্দর লাম্বা।
বৃহস্পতিবার তিনি বলেন, “আমাদের মাটি থেকে বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে বর্তমানের সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।”
ভারতীয় প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘চতুর্থ ভারত-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ’-এ মূল প্রবন্ধে এ কথা বলেন তিনি।
“সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি ও অপরাধীদের কোনো বেসামরিক আইন ও সীমানার প্রতি শ্রদ্ধা নেই- এটা সবাই জানে।”
“এসব গ্র“পের কেউ কেউ এবং তাদের সহযোগীরা বাংলাদেশে আস্তানা এবং ভুয়া ভারতীয় মুদ্রার নেটওয়ার্ক বজায় রেখেছে,” বলেন সাতিন্দর।
তিনি বলেন, বাংলাদেশ থেকে কার্যক্রম চালানো অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগে ব্যাপকভাবে প্রশংসা করে ভারত।
প্রতিবেশি এ দুদেশের মধ্যে ইতোমধ্যেই নিরাপত্তা বিষয়ক তিনটি চুক্তি হয়েছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, “নিরাপত্তা বিষয়ে সহযোগিতার রূপরেখা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে শিগগিরই হস্তান্তর চুক্তি সই হবে বলে আশা করছি।”
সাতিন্দর বলেন, সীমান্তে অস্ত্র ও বিস্ফোরকের অবৈধ চালান, জাল টাকা এবং মাদক, নারী ও শিশু পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।
এসব কর্মকাণ্ড ভারত ও বাংলাদেশ উভয় দেশের আর্থ-সামাজিক কল্যাণের ক্ষেত্রে হুমকি সৃষ্টিকারী বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০২৫ ঘ.
bdnews24