সিলেট, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করতে দেশের প্রতিটি স্কুলে প্রতিবন্ধী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
এ পর্যন্ত তিনটি স্কুলে তিন জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “এখন থেকে নতুন স্কুল প্রতিষ্ঠার সময় প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও লিফটসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
তবে টাকার অভাবে এই মুহূর্তে সব কিছু করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিবন্ধীদের জন্য সেবামূলক সংগঠন এপাসেনথের পরিচিতি বৈঠকে শিক্ষামন্ত্রী দেশে প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশে দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধীর সংখ্যা কতো তা জানতে না পারলে তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।
তিনি জানান, আগে বিভিন্ন পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ২০ মিনিট করা হয়েছে।
এপাসেনথের চেয়ারপার্সন আমীর হোসাইনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রিচার্ড ফুলার, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, বেগম জেবুন্নেছা হক ও এপাসেনথের পরিচালক মাহমুদ হাসান এম বি ই বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২০৩ ঘ.
bdnews24