২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার ঘোষণার পর ডাকাত গ্রেপ্তার

সংসদ সদস্যর পুরস্কার ঘোষণার ৬ ঘণ্টার মধ্যে দন্ডপ্রাপ্ত পলাতক ডাকাত সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

বরিশাল, ০৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যর পুরস্কার ঘোষণার ৬ ঘণ্টার মধ্যে দন্ডপ্রাপ্ত পলাতক ডাকাত সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বরিশাল-৬ আসনের সংসদ সদস্য জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জে তার বাসায় উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে সভায় ডাকাত গ্রেপ্তারে ৫ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেন। গভীর রাতে উপজেলার রূপার জোর ও দুধল গ্রাম থেকে তালিকাভুক্ত ও তিন বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হেলাল হোসেন (৩৫) ও জাহাঙ্গীর আকন (৪০) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি নুরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়ার পরে থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল ও নজরুল উপজেলার নিয়ামতি ইউপির দুই গ্রামে অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২৯ ঘ.