ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধ না হলে আগামী রোববার থেকে দক্ষিণাঞ্চলের সব পথে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ এস এম আলী খবির চাঁন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। সরকার দাবি না মানলে আগামী ৮ এপ্রিল থেকে দক্ষিণাঞ্চলের ২২ রুটে গাড়ি চালানো বন্ধ রাখতে বাধ্য হবে অ্যাসোসিয়েশন।”
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়।
সংগঠনের চেয়ারম্যান অভিযোগ করেন, বিআইডাব্লিউটিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের কিছু ব্যক্তি গত দুই বছর ধরে ফেরিঘাটে ‘কৃত্রিম যানজট’ তৈরি করে ‘ভিআইপি’ পরাপারের ব্যবসা করছে। অন্যদিকে সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় ধরে যানজটে পড়ে থাকতে হচ্ছে।
“যানজটের কারণে বাসের সময়সূচি ঠিক রাখতে না পারায় যাত্রীদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটছে। অন্যদিকে মালিকদের জ্বালানিসহ অন্যান্য খরচ বাড়ছে কয়েকগুণ”, যোগ করেন তিনি।
অন্যান্যের মধ্যে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ফারুক তালুকদার সোহেল, এরশাদ উল্লাহ, তাহমিদ সাহেদ চয়ন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের অন্য দাবিগুলো হলো- ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক-কভার্ড ভ্যানের জন্য আলাদা সিরিয়াল রাখা, যাত্রীবাহী বাসকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দেওয়া, ফেরি এলাকায় দালাল-রাজনৈতিক কর্মী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ‘অবৈধ ভিআইপি’ পারাপারের নামে চাঁদাবাজি বন্ধ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/জেকে/১৪০৯ ঘ.
bdnews24