২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি নিয়ে মারামারি, যুবকের মৃত্যু

পানি নিয়ে মারামারিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় এক যুবক নিহত হয়েছেন। জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

গাজীপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি নিয়ে মারামারিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় এক যুবক নিহত হয়েছেন। জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব। নিহত আমিরুল ইসলামের (২৮) বাড়ি ময়মনসিংহ জেলায়। বাবার নাম আকবর হোসেন। গ্রেপ্তারকৃত তিন জন হলেন- স্বপন (৩২), আতাউর রহমান (৩০) ও জুয়েল (১৮)। র‌্যাব-১ এর (গাজীপুরের শিমুলতলী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত) সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাসন সড়ক এলাকায় পানির কলে পানি আনতে যান ড. রফিকুল ইসলামের ভাড়া বাড়ির ভাড়াটে আমিরুলসহ কয়েকজন যুবক। এ সময় আগে পরে পানি নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেধে যায়। এতে সোহেল নামের এক যুবক আহত হন। এ ঘটনায় রাতেই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয় এবং সোহেলকে চিকিৎসার খরচের জন্য প্রতিপক্ষদের চারশ’ টাকা জরিমানা করা হয়। তবে পরে অপর ভাড়াটে জুয়েল ও স্থানীয় আতাউর রহমানের নেতৃত্বে এলাকার কয়েকজন যুবক মঙ্গলবার মধ্যরাতে অমিরুলের ঘরে ঢুকে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় রাতে গাজীপুর সদর হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। খবর পেয়ে র‌্যাব-১ এর টহল টিমের সদস্যরা বুধবার ভোরে বাসন সড়ক এলাকায় অভিযান চালিয়ে ওই তিন যুবককে র‌্যাব আটক করেছে বলে জানান মিলু মিয়া বিশ্বাস। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০৩ ঘ.