বেনাপোল এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল বাজারে ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিহত তৌফিক (৭) বেনাপোলের গয়ড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। সে স্থানীয় তালসারী মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
আহত সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল ছুটির পর তৌফিক ও সজিব অপর এক ছাত্রের সাইকেলে করে বাড়ি যাচ্ছিল। পথে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তৌফিকের মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যশোর-বেনাপোল মহাসড়কে দু’ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24