২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বালাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 05:26 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বালাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত রুহুল আমীন (২৫) শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বুধবার ভোরে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন শিংনগর সীমান্তে রুহুল আমীন নামে এক যুবকের নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও এর সঙ্গে বিএসএফ জড়িত কি না- তা জানাতে পারেননি। স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আরো কয়েকজন বাংলাদেশির সঙ্গে গরু নিয়ে শিংনগর সীমান্ত পার হওয়ার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানদের গুলির মুখে পড়েন রুহুল আমীন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনি গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। শিংনগর সীমান্তে দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১০ ঘ.