২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সীমার আলোকে সাগরে ব্লক ভাগ হবে: উপদেষ্টা

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী জানিয়েছেন, সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় আন্তর্জাতিক আদালতের রায় পক্ষে পাওয়ার পর এখন নতুন সীমার আলোকে বঙ্গোপসাগরের ব্লকগুলো পুর্নবিন্যাস করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী জানিয়েছেন, সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় আন্তর্জাতিক আদালতের রায় পক্ষে পাওয়ার পর এখন নতুন সীমার আলোকে বঙ্গোপসাগরের ব্লকগুলো পুর্নবিন্যাস করা হবে। মঙ্গলবার জ্বালানি মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০১২, এর পর্যালোচনার জন্য এক আন্তমন্ত্রণালয় বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “ব্লকগুলো পুর্নবিন্যাসের পর দরপত্র ডাকার প্রস্তুতি নেওয়া হবে।” ছয়টি ব্লকের দরপত্রের বিষয়ে মার্কিন কোম্পানি কনোকো-ফিলিপসের পক্ষ থেকে মন্ত্রণালয়কে দেওয়া চিঠির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “চিঠি আমরা পেয়েছি, এ বিষয়ে আপনাদের জানাতে আরো অপেক্ষা করতে হবে।” গভীর সমুদ্রের দুটি ব্লকে জরিপ ও তেল-গ্যাস অনুসন্ধানে গত জুনে কনোকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন বিনিময় চুক্তি (পিএসসি) করে সরকার। ওই চুক্তি অনুযায়ী ১০ ও ১১ নম্বর ব্লকে অনুসন্ধানের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি, যে দুটি ব্লকের আংশিক এলাকা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ চলে আসছে। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অব দি সি (আইটিএলওএস) গত মাসে মিয়ারমারের সঙ্গে মামলার রায় দিলেও ভারতের সঙ্গে মামলাটির নিস্পত্তি হলে ২০১৪ সাল পর্যন্ত অপেক্ষ করতে হতে পারে বলে জানিয়েছে সরকার। বঙ্গোসাগরের অগভীর অঞ্চলে ১০টি ও গভীর সমুদ্রে ২০টি ব্লক রয়েছে বাংলাদেশের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৬৫০ ঘ.