ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচালকের সঙ্গে গণ্ডগোলের জের ধরে রাজধানীর আজিমপুরে দুটি বাসে অগ্নি সংযোগ এবং তিনটি বাস ভাংচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের শিক্ষার্থীরা।
এস এম হলের শিক্ষার্থীরা সোমবার রাত সাড়ে ১০টার দিকে আজিমপুরে আজিমপুর-উত্তরা রুটের (২৭ নম্বর) দুটি বাসে আগুন দেয়।
আজিমপুর মেটারনিটি হাসপাতালের সামনে ওই বাস দুটিতে আগুন দেওয়া ছাড়াও দুটি বাস ভাংচুর করে ওই হলের ছাত্ররা। এছাড়া তারা একই রুটের আরো একটি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে ভাংচুর করে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই হলের পাঁচ ছাত্র আজিমপুর যাবে বলে সায়েন্স ল্যাব থেকে বাসে ওঠে।
তারা আজিমপুরের পরিবর্তে হোম ইকোনমিক্স কলেজের সামনে নামতে চাইলে তাদের নামতে দেওয়া হয়নি উল্লেখ করে প্রক্টর বলেন, আজিমপুরে তাদের ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে ছাত্ররা।
এ ঘটনায় কারা দায়ী তা খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
হলের ছাত্ররা জানান, এ সময় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গাড়িমালিকদের পক্ষ থেকে অপহরণ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণকক্ষে কর্মরত অপারেটর ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এএইচ/পিডি/২৩৫৪ ঘ.
bdnews24