চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামের ১১ জনকে পুড়িয়ে হত্যামামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ সপ্তমবারের মতো পিছিয়েছে।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগম আগামী ১৯ এপ্রিল সাক্ষ্যগ্রহণের নতুন দিন রেখেছেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম জানান, আসামিদের নতুন দুটি ধারায় অন্তর্ভুক্ত করার বিষয়ে শুনানি শেষে বিচারক সৈয়দা হোসনে আরা ওই বিষয়ে আদেশের দিন ও সাক্ষ্য নেওয়ার নতুন তারিখ দেন।
এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিচারকাজে নিষেধাজ্ঞা দেওয়ায় এতদিন তারিখ পেছানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে মামলার বাদী বিমল শীল আসামি আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানসহ ৩৮ জনকে নতুন দুটি ধারায় অভিযুক্ত করার আবেদন জানান।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে এক দল সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে হত্যামামলা করেন।
সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিআইডি’র সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ গত বছরের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেন।
এরপর গত ১২ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/২১৪৭ ঘ.
bdnews24