ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও এর ব্যবহারে দিক নির্দেশনার জন্য সাসটেইন্যাবল অ্যাণ্ড রিনিউয়্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডিএ) গঠন চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের মিলনায়তনে নবায়নযোগ্য শক্তি বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎ সচিব বলেন, “এসআরইডিএ আগামী সপ্তাহে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করছি।”
দেশে তৈরি নবায়নযোগ্য যন্ত্রপাতি (ডিভাইস) উন্নতমানের হচ্ছে কি না তা পরীক্ষার জন্য গবেষণাগার স্থাপনে মত প্রকাশ করেন তিনি।
যেসব স্থানে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না সেখানে সোলার মিনি গ্রিড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ সচিব।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক বলেন, “সৌরশক্তির উন্নয়ন ছাড়া আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকছে, এক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।”
বর্তমানে প্রায় ৫০ শতাংশ লোক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে জানিয়ে তিনি বলেন, “যতদিন সব এলাকায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না ততদিন নবায়নযোগ্য জ্বালানি তথা সৌরশক্তি ব্যবহার করাটাই শ্রেয়।”
সেমিনার শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক সৌরশক্তি ইনস্টিটিউট চত্বরে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপি নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি প্রদর্শনীর উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য সৌরশক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে আরো বক্তব্য দেন সৌরশক্তি সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১৪০ ঘ.
bdnews24