চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বন্দর মার্কেট থেকে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বেলা পৌনে একটার দিকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বরগুনার আমতলী উপজেলার গাবতলী গ্রামের গোলাম সারোয়ার মিলন (৩৫) ও তার সহযোগী মো. সাজ্জাদ হোসেন (২৫) এর বাড়ি কুমিল্লার লাকসাম থানার নিশ্চিন্তপুর গ্রামে।
হালিশহর থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে একটি ৩২ এমএম বোরের বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি, একটি দেশে তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে সিএনজি চালিত অটো রিকশাটি।
ওসি জানান, মিলন সীতাকুণ্ড থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই ও হত্যা মামলা রয়েছে।
মিলন চট্টগ্রামে এমইএস কলেজ পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এদিকে, মিলন রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিল না বলে দাবি করেছেন এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুবিধা নেওয়ার জন্য গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী নিজেকে ছাত্রলীগকর্মী বলে পরিচয় দিচ্ছে”।
গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আলাদা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/১৯৩৭ ঘ.
bdnews24