ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র দায়িত্ব নেবে এমন বিধান রেখে প্রতিবন্ধী সুরক্ষা আইন চূড়ান্ত করতে যাচ্ছে সরকার।
ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ বিষয়ে আইনের খসড়া প্রণয়ন ও সংশ্লিষ্টদের মতামতের নেওয়ার পর তা চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “অটিস্টিকদের নিয়ে সঠিক কোন পরিসংখ্যান নেই। দেশের ১০ শতাংশ লোক বিভিন্ন ধরনের প্রতিবন্ধী। এর মধ্যে এক শতাংশ অটিজমে আক্রান্ত।”
প্রতিবন্ধীদের সংখ্যা জানার জন্য পরীক্ষামূলকভাবে একটি জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে এনামুল হক বলেন, ইতিমধ্যে ৭টি বিভাগের ৮টি উপজেলায় এ জরিপ কার্যক্রম চালানো হচ্ছে। এ কার্যক্রম সফল হলে পরে সারা দেশব্যাপী তা স¯প্রসারণ করা হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।
সেখানে প্রতিবন্ধীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া সারাদেশে জেলা প্রশাসকসহ প্রশাসনকে প্রতিবন্ধীদের র্যালি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ সচিব রনজিৎ কুমার বিশ্বাস, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নুরুল কবিরসহ মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৫২২ ঘ.
bdnews24