২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত আট মাসের শিশুকে উদ্ধার

নগরের হালিশহর থেকে অপহৃত আটমাস বয়সী শিশুকে নয়দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরের হালিশহর থেকে অপহৃত আটমাস বয়সী শিশুকে নয়দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শনিবার সকালে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগাঁহ বাসস্ট্যান্ড থেকে আটমাসের শিশু সাফুয়ানুর রহমানকে উদ্ধার করা হয় বলে র‌্যাব সদস্যরা রোববার সংবাদ মাধ্যমকে জানান। গত ২২ মার্চ নগরের বন্দর থানার দক্ষিণ হালিশহর সেইলরস কলোনির বাসা থেকে সাইফুর রহমানের ছেলে সাফুয়ানকে কাজের বুয়ার সহায়তায় অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সাইফুর পরদিন র‌্যাব-৭ এর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুরের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে কক্সবাজারের ঈদগাঁহ বাসস্ট্যান্ডের কাছে অপহরণকারীদের অবস্থান জানা যায়। শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালালে শিশুকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহৃত শিশুকে উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৩৭ ঘ.