ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসবে না।
এজন্য রাজনীতিবিদদের ওপর ‘চাপ সৃষ্টি করতে’ ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় মার্কিন এ রাষ্ট্রদূত।
শনিবার রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর বার্ষিক সাধারণ সভায় মজিনা বলেন, “রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ নষ্ট করে দেয়। রাজনীতিকদের এখনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত হয়।
“বিনিয়োগকারীদের আনা ও ধরে রাখার জন্যে ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্যদেরও অগ্রণী হতে হবে।”
মধ্য আয়ের দেশ হিসাবে গড়ে তুলতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি বলে মন্তব্য করেন মজিনা।
মধ্য আয়ের দেশ হিসাবে গড়ে তুলতে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও রয়েছে, যা বিনিয়োগকারীদের বিমুখ করে দেয়।
“বিভিন্ন কারণে বিরক্ত অনেক মার্কিন বিনিয়োগকারী এখানে এসে বিমুখ হয়ে ফিরে গেছেন। কিন্তু এসব সমস্যা সমাধান কঠিন কোনো বিষয় নয়।”
বিশ্বমন্দা কাটিয়ে ওঠার পর উন্নত দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠান নতুন বিনিয়োগের দেশ খুঁজছে জানিয়ে মজিনা বলেন, “অনেক দেশই এই বিনিয়োগকারীদের নিতে চায়। বাংলাদেশের এক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। তবে এই বিনিয়োকারীদের আকর্ষিত করতে হলে আগে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে।”
বাংলাদেশের অনেক পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এদেশে গ্যাস, কয়লার বিপুল মজুদ রয়েছে। সুতরাং বাংলাদেশকে অনেকে গরিব বললেও আমি মনে করি, এটি একটি ধনী দেশ। শুধু এর সম্পদকে কাজে লাগানোর অপেক্ষা রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।
তিনি মজিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি ভুল বোঝাবুঝি চলছে। এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্যে আপনার কাছে অনুরোধ করছি। আলোচনার মাধ্যমেই যে কোন সমস্যার সমাধান সম্ভব।”
বাংলাদেশকে বেশি শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্যে মার্কিন সরকারের কাছে অনুরোধ জানান আজাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার্স অব কমার্স ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আফতাব উল ইসলাম ও আইবিএফবি সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/২০০৩ ঘ.
bdnews24