ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত বছরের তুলনায় এই সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন বেশি। ২০১১ সালে পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন।
এই বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ৭ লাখ ৫০ হাজার ৮৫২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৮৫ হাজার ২২৬ জন। এছাড়া কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম) পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ৪১৫ জন।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরাবরের মতো এবারও ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৭২০ জন। সবচেয়ে কম ৩৭ হাজার ৭৪৩ পরীক্ষার্থী সিলেট বোর্ডে।
১০টি বোর্ডের অধীনে এবং ব্যবসায় শিক্ষায় বোর্ডের অধীনে একটি ডিপ্লোমা ডিগ্রির জন্য ৭ হাজার ৫৫৬টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন ছেলে এবং ৪ লাখ ৩০ হাজার ৪১৯ জন মেয়ে।
২ হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়াও দেশের বাইরে দোহা, আবুধাবি, জেদ্দাসহ চারটি কেন্দ্রে পরীক্ষা হবে। এসব পরীক্ষায় অংশ নেবেন ১৮৯ জন। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ত্রিপোলি কেন্দ্রের তিন জন পরীক্ষার্থী বাংলাদেশে পরীক্ষায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।
১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এরপর ব্যবহারিক পরীক্ষাগুলো চলবে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত।
১০০ নম্বরের সৃজনশীল প্রশ্নগুলো দুই ভাগে বিভক্ত থাকবে। রচনামূলক অংশের জন্য ৬০ নম্বর ও নৈর্ব্যক্তিক অংশের জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকবে।
প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখকদের সাহায্যে পরীক্ষা শেষ করার জন্য বাড়তি ২০ মিনিট সময় পাবেন। গত বছর তাদের দেওয়া হয়েছিল বাড়তি ১৫ মিনিট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯৩১ ঘ.
bdnews24