চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে এক ব্যক্তি মারা গেছেন, আহত হয়েছেন আরো চার জন।
রোববার প্রথম প্রহরে দক্ষিণ ছলিমপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জালাল উদ্দিন (৪০) নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রী পাড়া এলাকার মৃত সরদার আলীর ছেলে।
আহতরা হলেন- নজরুল ইসলাম (৩৫), মো. জুয়েল (২৮), শাহ আলম (২৭) ও সোহেল (২৪)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ ছলিমপুর এলাকায় অটোরিকশায় করে যাওয়ার সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে ওই পাঁচ জনকে নামিয়ে ব্যাপক মারধর করে।
অটোরিকশায় তালা কাটার সরঞ্জাম দেখে স্থানীয় লোকজনের এই সন্দেহ হয় বলে ওসি জানান।
খবর পেয়ে পুলিশ গিয়ে পাঁচ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে ভোর রাত ৪টার দিকে জালাল মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০০ ঘ.
bdnews24