২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাস ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রশাসনের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সাতক্ষীরা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসনের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়ন। প্রধান সড়কে নসিমন, করিমনসহ সব ধরনের শ্যালো ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধের দাবিতে এই শ্রমিক সংগঠনটি বৃহস্পতিবার দুপুর থেকে সাতক্ষীরা জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। রাতে প্রশাসন-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতার পর সকাল থেকে আবার বাস চলাচল শুরু হয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু বলেন, “মহাসড়কে ইঞ্জিনভ্যান, নছিমন, করিমন চলাচল বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।” “তবে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসনকে আগামী ২৭ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে দাবি আদায় না হলে আমরা আবারো ধর্মঘটে যেতে বাধ্য হব”, যোগ করেন তিনি। জেলা প্রশাসক মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এই বৈঠকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাস, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবিসহ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৪৫ ঘ.