ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শিল্পায়নের জন্যে ব্যাংক ঋণের সুদ এক অংকের হওয়া উচিত বলে মনে করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।
বুধবার এক অনুষ্ঠানে এ মত দিয়ে তিনি বলেন, এ খাতে সুদ হার এক অংকের হলে প্রবৃদ্ধির হার দুই অংকের হবে।
শিল্পায়নের জন্যে ঋণের সুদ কমানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ঔনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসওএবি) উদ্যোগে এফবিসিসিআই সম্মেলন কক্ষে ‘সুদের হার বাড়িয়ে নয়-ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে মূল্যস্ফীতি কমাতে হবে’- শিরোনামের এক সেমিনারে কথা বলছিলেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, “সারা বিশ্বে ব্যাংক পরিচালিত হয় সামাজিক সেবা খাতে। কিন্তু আমাদের দেশে এদের (ব্যাংক) কাজ হচ্ছে মুনাফা করা।”
“এই দ্বন্দ্বের কারণেই অর্থনৈতিক খাতে নানা সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যার অবশ্যই সমাধান করতে হবে।”
মধ্য আয়ের দেশ হিসাবে গড়ে তুলতে দেশে শিল্পায়ন ছাড়া বিকল্প নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, “জিডিপিতে শিল্পের অবদান ৪০ শতাংশে উন্নিত করার পরিকল্পনা নিয়ে শিল্পনীতি ২০১০ প্রণয়ন করা হয়েছে।”
এই ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মূল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এজন্যে এই খাতের সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিক বলে তিনি দাবি করেন।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সেমিনারটি বেলা সাড়ে ১১টায় শুর হয়ে আড়াইটায় শেষ হয়।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা দেশে বর্তমানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের মাত্রাতিরিক্ত সুদ হার, বিদ্যুৎ ও কর সমস্যাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগ) সুকোমল সিংহ চৌধুরী বলেন, “শিল্পক্ষেত্রে এসএমইর বিকাশ না হলে অর্থনৈতিক উন্নয়ন হবে না। মাত্র তিন বছর ধরে বাংলাদেশের ব্যাংকগুলো এসএমই অর্থায়ন শুরু করেছে।”
“এই খাতে কিছু কিছু সমস্যা থাকলেও তা সমাধান হচ্ছে,” বলেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি মো. জসীম উদ্দিন এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসওএবি’র সভাপতি আলি জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২০৯ ঘ.
bdnews24