পিরোজপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন।
মঙ্গলবার আকরাম হোসেন সাংবদিকদের বলেন, তিনি সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আমেরিকা সফরে যাওয়ায় এবং পরে প্রশাসক নিযুক্ত হওয়ায় দলের একটি অংশ তা মানতে পারেনি। এ কারণে ‘রাজনৈতিক প্রতিপক্ষরা’ তাকে হুমকি দিচ্ছে।
“সোমবার রাত ১০টার দিকে অচেনা একটি মোবাইল ফোন নম্বর থেকে এক ব্যক্তি আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে বলে, ‘তুই সামান্য একজন পিপি হয়ে এমপি আউয়ালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিস। তোকে দেখে নেব।’”
এ কারণেই থানায় সাধারণ ডায়েরি করেছেন জানিয়ে আকরাম বলেন, গত শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী মোটর সাইকেলে করে এসে তার ছেলে মেহেদী হাসান শান্তকে খুঁজে গেছে এবং না পেয়ে হুমকি দিয়ে গেছে।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার রাত পৌনে ১১টায় থানায় এসে এই সাধারণ ডায়েরি করেন জেলা পরিষদের প্রশাসক। তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন।
আকরাম হোসেনের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হরে সাংসদ এ কে এম এ আউয়াল সাংবাদিকদের বলেন, তিনি হুমকির বিষয়ে কিছুই জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫০ ঘ.
bdnews24