মাদারীপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে মাদারীপুর সদর হাসপাতালে ভাংচুরের ঘটনায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে সহকর্মীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় সব রুটে বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে পরিবহন শ্রমিকরা।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পরিবহন শ্রমিক মোক্তার হাওলাদার (৪৮) বিষপানে অসুস্থ হয়ে পড়ার পর সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর হাসপাতালে মারা যান। এর পরপরই রোগীর আত্মীয়-স্বজন ও পরিবহন শ্রমিকরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে হামলা চালায়।
মোক্তার হাওলাদারের মেয়ের অভিযোগ, জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইকরাম হোসেন ও অন্য কর্মচারীরা তার বাবাকে চিকিৎসা দিতে দেরি ও অবহেলা করেন।
হামলা চলাকালে হাসপাতালের চিকিৎসক মো. একরামুল হক, সিনিয়র স্টাফ নার্স হাফিজুর রহমান, সহকারী নার্স তোতা মিয়া ও সিকিম আলী মারধরের শিকার হন।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “রাতে হামলার ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই অধিকাংশ ডাক্তার ও কর্মচারী হাসপাতাল ছেড়ে চলে যান।”
রাতের ঘটনার প্রতিবাদে হাসপাতাল কর্মকর্তা কর্মচারী সমিতি মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মরিরতি পালন করে। অন্যদিকে পরিবহন শ্রমিকরা দুপুর পর্যন্ত জেলার সব রুটে বাস বন্ধ রাখায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল জব্বার বলেন, “চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ইকরাম হোসেন ও কর্মচারীদের অহেতুক মারধর করা হয়েছে।”
মাদারীপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক রেজাউল আমিন সাংবাদিকদের বলেন, “আজ কর্মকর্তা কর্মচারী সমিতি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। কাল (বুধবার) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত আবারো কর্মবরতি পালন করবো আমরা।”
স্বাচিপ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও হাসপাতাল কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সভায় কর্মবিরতির এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান রেজাউল আমিন।
মাদারীপুর সদর হাসপাতালের সিভিল সার্জন নোমান চৌধুরী জানান, হাসপাতালে হামলা ও ভাংচুরের অভিযোগে ইতোমধ্যে থানায় দুটি মামলা করা হয়েছে।
মাদারীপুর বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “চিকিৎসকদের অবহেলার কারণেই মোক্তারের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ১২টা ধর্মঘট পালন করেছি আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২০৫ ঘ.
bdnews24