মাদারীপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষপানে অসুস্থ এক রোগীর অবহেলায় মৃত্যুর অভিযোগে মাদারীপুর সদর হাসপাতালে ভাংচুর করেছে তার স্বজনরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা চলাকালে হাসপাতালের চিকিৎসক মো. একরামুল হক, সিনিয়র স্টাফ নার্স হাফিজুর রহমান, সহকারী নার্স তোতা মিয়া ও সিকিম আলী মারধরের শিকার হন।
এই ঘটনার প্রতিবাদে হাসপাতাল কর্মকর্তা কর্মচারী সমিতি ২০ মার্চ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মরিরতি ঘোষণা করেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুরের বাগেরপাড় এলাকার পরিবহন শ্রমিক মোক্তার হাওলাদার (৪৮) পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোক্তার হাওলাদারের মেয়ের অভিযোগ, জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইকরাম হোসেন ও অন্য কর্মচারীরা তার বাবাকে চিকিৎসা দিতে দেরি ও অবহেলা করেন।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ডাক্তার ও কর্মচারীরদের অধিকাংশই হাসপাতাল ছেড়ে চলে গেছে। তবে, রাত সাড়ে ১০টার দিকে সীমিত পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল জব্বার জানান, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। ভাংচুর ও মারধরের পর জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ইকরাম হোসেন ও কর্মচারীদের অহেতুক মারধর করা হয়েছে।
মাদারীপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক রেজাউল আমিন সাংবাদিকদের বলেন, আগামীকাল হাসপাতালের কর্মকর্তা কর্মচারী সমিতি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24