২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলবাসীর অনশন অব্যাহত, অসুস্থ ৪

পঞ্চগড়ে ছিটমহলবাসীর অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি সোমবারও অব্যাহত ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া সমন্বয় কমিটির সভাপতিসহ চারজন অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

পঞ্চগড়, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে ছিটমহলবাসীর অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি সোমবারও অব্যাহত ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া সমন্বয় কমিটির সভাপতিসহ চারজন অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ শাখা বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পুঠিমারি ছিটমহলে রোববার বিকাল এ কর্মসূচি শুরু করে। সমন্বয় কমিটি বাংলাদেশ শাখা সভাপতি ময়নুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোলা মাঠে পলিথিন ও কাপড় বিছিয়ে আমরা রাত যাপন করি। এ কারণে অনশনে অংশ নেওয়া অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। “আমি ছাড়াও কুড়িগ্রামের দাশিয়ার ছড়া ছিটমহলের জাহেদা বেগম (৬৫), পঞ্চগড়ের গারাতি ছিটমহলের কেরামত আলী (৭০) ও আবু বকর সিদ্দিক (৮০) অসুস্থ হয়ে অনশন স্থলেই আছেন।” সমন্বয় কমিটি নেতা আরো বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম প্রধান ফোনে কর্মসূচি এবং ছিটমহলবাসীর দাবির প্রতি সংহতি ও একাতœতা প্রকাশ করেছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কর্মসূচি শুরুর দিনের তুলনায় অনশনকারীর সংখ্যা কমে এসেছে। বর্তমানে ৫০ জনের মতো ছিটমহলবাসী এবং সমন্বয় কমিটির নেতা উপস্থিত আছেন। গারাতি ছিটমহলের মফিজার রহমান বলেন, “দাবি আদায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের কোন আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা কর্মসূচি অব্যহত রাখব। এতে মৃত্যুর হলেও পিছপা হব না।” এ ব্যাপরে পঞ্চগড় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, অনশন কর্মসূচি ও তাদের দাবির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অসুস্থদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিকভাবে সব বিষয় নজর রাখা হচ্ছে। সমন্বয় কমিটির দাবিগুলো হল- ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে অবিলম্বে ছিটমহল বিনিময় বাস্তবায়ন সম্পন্ন করা, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিমতের কারণ স্পষ্ট করে জানানো, ছিটমহলের মুসলমান বাসিন্দাদের হজে যাওয়া ও হিন্দুদের ধর্মীয় কাজ সম্পাদন বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.