চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে এক চা-বাগান দখলের সংঘর্ষে নিহত বাগান কর্মকর্তার হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
নিহত কাজী ফখরুল ইসলামের ছেলে কাজী মোহাম্মদ শাহরিয়ার হাসনাইন রিদোয়ান লিখিত বক্তব্যে বলেন, “ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে বাগানের বাংলোতে বসে বাগানের মালিকানা সংক্রান্ত কাগজপত্র তিনি দেখছিলেন।
“এ সময় শাহাদাৎ রহিম চৌধুরী ও কামাল হোসেনের নেতৃত্বে দা, ছুরি, রড, বল্লম ইত্যাদি দিয়ে আঘাত করে বাবার মৃত্যু নিশ্চিত করা হয়।”
ফখরুল ঘটনার আগের দিন ঢাকা অফিস থেকে ওই চা-বাগানে যান বলে উল্লেখ করেন রিদোয়ান।
সাউথ এশিয়া ইন্টারনেশনাল লিমিটেডের দখলে থাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নন্দরাণী চা বাগান দখল নিয়ে আরেক পক্ষের সঙ্গে গত ১০ ফেব্রুয়ারি এক সংঘর্ষে নিহত হন প্রতিষ্ঠানটির সচিব কাজী ফখরুল ইসলাম এবং স্থানীয় এক জন।
সেদিন বাগানের মহাব্যবস্থাপক জহির আহমদ চৌধুরী বলেছিলেন, সাউথ এশিয়া ১৫/১৬ বছর আগে বাগানটির মালিকানা পেলেও সাবেক মালিকের মেয়ে গতবছর সেটি সিলেটের শাহাদাৎ রহিমকে বন্দোবস্ত দেন।
তার লোকজন গত ৮ ফেব্রুয়ারিও বাগানের দখল নিতে গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
রিদোয়ান বলেন, “এর আগে ৮ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসীরা নন্দরাণী চা বাগানে ডাকাতির চেষ্টা করলে বাগানের সহকারী ব্যবস্থাপক আবু কায়েস মজুমদার বাগানের নিরাপত্তা চেয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।”
নিজেকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি উল্লেখ করে রিদোয়ান বলেন, তার বাবা ফখরুল একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম সাংবাদিকদের বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় করা মামালার আসামিরা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে।”
ফখরুল হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সরকার বা বিরোধী দলের যেই যুক্ত থাক না কেন তাদের আইনের আওতায় আনা হোক।
চট্টগ্রাম প্রেসক্লাবে সোমবার এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩৩ ঘ.
bdnews24