ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র নিয়ন্ত্রিত (পাবলিক) সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন এটি পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
এর আগে গত ১৩ ফেব্র“য়ারি মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়া নীতিগত অনুমোদন পেয়েছিলো।
দেশে বর্তমানের ৩৪টি সরকার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র চারটি (ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। বাকি ৩০টি বিশ্ববিদ্যালয়ে এই সীমা ৬০ বছর।
আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করে মতামতসহ খসড়াটি ফেরত পাঠালে তা মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য সোমবার উপস্থাপন করা হয়।
এখন জাতীয় সংসদে আইনটি পাসের জন্য তোলা হবে। আইনটি পাস হলে সব বিশ্ববিদ্যালয়ের অবসর নেওয়ার বয়স ৬৫ হবে।
চুয়েট শিক্ষকদের অভিনন্দন
শিক্ষকদের অবসরের বয়সসীমা নতুন করে নির্ধারণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক মীর মু সাকী ক্বাউসার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষিত এই আইন জাতীয় সংসদে চূড়ান্ত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের অবসরের বয়সসীমায় বৈষম্য দূর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/প্রতিনিধি/এএল/১৮২১ ঘ.
bdnews24