চাঁদপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ছিনতাই হওয়া একটি ট্যাক্সি ক্যাবসহ গাড়ি ছিনতাকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি জাকের হোসাইন জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- নেত্রকোনার সাখাওয়াত হোসেন উজ্জ্বল (৩০), কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার আশিক শিকদার (২৮), চাঁদপুর সদর উপজেলার কাউসার হামিদ মাল (২৮), একই উপজেলার রামপুর এলাকার সুমন পাটওয়ারী (২৭) ও তার ছোট ভাই রাব্বি পাটওয়ারী (২২), চাঁদপুর মতলব এর পূর্ব লালপুর এলাকার নাজমুল হোসেন (২৬) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার জাকির হোসেন (৩০)।
ওসি জানান, এই চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের চাষাড়া মোড় থেকে চাঁদপুরের বিসিক শিল্পনগরীতে যাওয়ার কথা বলে ৪ হাজার টাকায় একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে। গাড়িটি চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী এলাকায় পৌঁছালে তারা ক্যাব চালক সাহাবুদ্দিনের (৩০) মাথায় আঘাত করে তাকে রাস্তায় ফেলে চলে যায়।
ক্যাব চালক সাহাবুদ্দিন বলেন, তিনি একটি অটোরিকশা থামিয়ে গাড়ি ছিনতাই হওয়ার বিষয়টি জানান। তারপর বাবুরহাট এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ট্যাক্সি ক্যাবসহ ৪ সদস্যকে আটক করেন।
ওসি জাকের হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ বাবুরহাট এলাকা থেকে চার ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী হাজীগঞ্জ, বড়সুন্দর ও বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮১৯ ঘ.
bdnews24