জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ‘অবৈধভাবে’ একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এ অভিযোগ এনে ক্লাস বর্জন করেছে ওই বিভাগের শিক্ষকরা।
গত ১৪ই মার্চ ফিরোজ আলম নিপুকে গণিত বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে এডহক নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি জানার পর এ নিয়োগ বাতিলের জন্য গত বৃহস্পতিবার উপাচার্যের কাছে যান ওই বিভাগের শিক্ষকরা। উপাচার্যের কাছ থেকে যথাযথ সাড়া না পেয়ে এর প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন তারা।
আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নিয়ম অনুসরণ না করে অনেকটা গোপনে নিপুকে নিয়োগ দেওয়া হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং নিয়োগ কমিটি করে শিক্ষক নিয়োগের বিধান থাকলেও এক্ষেত্রে তা হয়নি।
নিয়োগপ্রাপ্ত ফিরোজ আলম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তারা।
কর্মবিরতিতে যাওয়া গণিত বিভাগের শিক্ষক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগের চেয়ারম্যান ও এডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
বিভাগের চেয়ারম্যান ড. পেয়ার আহাম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাহ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে যে কাউকে নিয়োগ দিতে পারে। এ ব্যাপারে বিভাগের শিক্ষকদের বলার কিছু নেই।
এ বিষয়ে ফিরোজ আলম নিপু বলেন, নিয়ম মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২২১৪ ঘ.
bdnews24