বরিশাল, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বরিশালের গৌরনদীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংক অর্থ দিতে ব্যর্থ হলে ভিন্ন উপায়ে সংগ্রহ করা হবে।
বরিশাল-ঢাকা মহাসড়কের সংস্কার ও বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়কের নির্মাণ কাজ পরিদর্শনের আগে তিনি গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
তিনি বলেন, নদীর দুই পড়ের ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির মালিকদেরকে ক্ষতিপূরণ দেওয়া, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ নির্মাণসহ বিভিন্ন খাতে ১৫শ’ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এখন শুধু মূল সেতুর নির্মাণ কাজ বাকি রয়েছে।
ওবায়দুল কাদের সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের হুশিয়ার করে বলেন, আর যেন কোনো সড়ক অতীতের মতো যানবাহন চলাচলের অনুপোযোগী না হয়- সেদিকে খেয়াল রাখবেন।
এমন কোনো ওয়াদা করবেন না, যা পূরণ করতে পারবেন না, বলেন মন্ত্রী।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান, পৌর মেয়র হারিসুর রহমান হারিস প্রমুখ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি এলাকায় সংস্কার কাজ পরিদর্শন করেন। এরপর দেখেন বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়কের নির্মাণ কাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24