আবু সুফিয়ান
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও তদন্তে শ্লথগতি এবং খুনি গ্রেপ্তার না হওয়ার জন্য আদালতের এই সংক্রান্ত নির্দেশনাকে দায়ী করেছেন সাংবাদিক নেতারা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশে নেতারা বক্তব্যে তারা এই দাবি করেন। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড তদন্তের তথ্য প্রকাশের বিষয়ে হাই কোর্টের ওই নির্দেশনার সমালোচনাও করেন সাংবাদিক নেতারা।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। মাস গড়ালেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এরই মধ্যে গত ২৯ ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ‘মনগড়া’ কোনো প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা দেয় হাই কোর্ট। এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়। তদন্তে সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া প্রিন্ট ও ইলেট্রনিক মাধ্যমে পুলিশকে কোনো বক্তব্য না দিতেও বলে হাই কোর্ট।
ওই নির্দেশনার পরদিন সাংবাদিকদের অনশন কর্মসূচি থেকেও আদালতের ওই নির্দেশনার সমালোচনা করা হয়। ওই হত্যাকাণ্ড নিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মহাসমাবেশেও ছিল একই সুর।
আদালতের উদ্দেশ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ বলেন, “এটা কী আদেশ দিলেন? এখন সাগর-রুনির একমাত্র ছেলে মেঘের কাছে আপনারা কী জবাব দেবেন? আপনাদের আদেশে মামলাটি ডিপ ফ্রিজে চলে গেছে।”
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দেন। এরপর পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরপর পুলিশ জানিয়েছিল, হত্যার কারণ তারা সনাক্ত করতে পেরেছেন।
হাই কোর্টের আদেশের পর তদন্তের বিষয়ে নিশ্চুপ পুলিশ প্রশাসন। গত সপ্তাহে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, তারা আদালতের নির্দেশ ‘মান্য’ করে চলেছেন।
সাংবাদিক নেতা আবদুস শহীদ আদালতের উদ্দেশে বলেন, “সাংবাদিক আর পুলিশকে মুখোমুখি দাঁড় করাবেন না।
সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল জলিল ভ্ইুঁয়া বলেন, “আদালত যখন আমাদের কাজে নির্দেশনা দেয় তখন আমরা দুঃখিত না হয়ে পারি না।”
“আমরা জানি কীভাবে চলতে হয়, নীতিমালাও জানি আমরা। আমরাই সাংবাদিকদের স্বাধীনতা সমুন্নত রেখেছি। আদালতের প্রয়োজন হয়নি। আপনারা আপনাদের কাজ করুন। গাইডলাইন না দিলেও চলবে,” বলেন তিনি।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “আদালত যখন সাংবাদিকদের বিরুদ্ধে রুল জারি করে তখন সন্ত্রাসীরা উৎসাহিত হয়। আমরা এটা পছন্দ করছি না। প্রয়োজনে গোটা সাংবাদিক সমাজ আদালত অবমাননা করে স্বেচ্ছা কারাবরণ করবে।”
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “যখন আদালত স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করে, তখন আমরা মর্মাহত হই। আমাদের স্বাধীনতা হরণ করবেন, এটা আমরা বরদাস্ত করব না।”
“বিভিন্ন সময় দেখেছি আদালত অবমাননার নামে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে। আপনাদের ক্ষমতা থাকলে আদালত অবমাননার জন্য আমাদের দাঁড় করাতে পারেন। আমরা সবাই মাথা পেতে কারাবরণ করব,” বলেন তিনি।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী আদালতের উদ্দেশে বলেন, “গণমাধ্যমের ওপর খবরদারি করবেন না।”
সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আহ্বানে এই সমাবেশ হয়।
আগামী ৭ই এপ্রিলের মধ্যে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনি গ্রেপ্তার না হলে ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করার ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মবিরতি, অনশন ও মহাসমাবেশের পর এই কর্মসূচি ঘোষণা করা হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৮২০ ঘ.
bdnews24