মৌলভীবাজার, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মুন্সিবাজার এলাকার ফটিক মিয়ার বাড়ির সেফটিক ট্যাংক থেকে সাইফুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
সাইফুল রাজনগর উপজেলার খলাগাঁও গ্রামের আনর মিয়ার ছেলে। তিনি মুন্সীবাজারে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।
রাজনগর থানার ওসি সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বাড়ির এক নারী ফোন করে সেফটিক ট্যাংকে লাশ পড়ে থাকার কথা পুলিশকে জানায়।
গত মঙ্গলবার রাত থেকে সাইফুল নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০১ ঘ.
bdnews24