বাগেরহাট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কাটাখালী এলাকায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করার আহ্বান জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শুক্রবার শহরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে কমিটির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহম্মদ এ কথা বলেন।
তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন হওয়ায় প্রস্তাবিত এই তাপ বিদ্যুৎ কেন্দ্র এই অঞ্চলের পরিবেশ, বিশেষ করে সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
এছাড়া এই বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে সম্পাদিক চুক্তিকে অস্পষ্ট উল্লেখ করে তা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান।
রণজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক মো. শহীদুল্লাহ, সদস্য এম এম আকাশ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রেজাউল করিম ও পুনর্গঠিত ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক তুষার কান্তি দাস।
পরে রণজিৎ চট্টোপাধ্যায়কে আহ্বায়ক এবং ফররুখ হাসান জুয়েলকে সদস্য সচিব করে ৩১ সদস্যের বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24