২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর গায়ে দোলযাত্রার রঙ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

গোপালগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর গায়ে দোলযাত্রার রঙ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বিনয় সরকার অনাদীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হ্যাপী মৈত্র ৮ মার্চ সকালে তার মায়ের সঙ্গে এসএসসি ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। এ সময় পাটিকেলবাড়ি বাজারে নিত্য বিশ্বাসসহ কয়েক যুবক তার গায়ে রঙ দেয়। এতে টুঠামান্দ্রা গ্রামের অসীম বাধা দিলে অসীম ও নিত্যর হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিকেলে পাটিকেলবাড়ির লোকজন অসীমকে মারধর করে। ওসি মো. বোরহান উদ্দিন আরো বলেন, এলাকার চেয়ারম্যান বিনয় সরকার অনাদী ও সাবেক চেয়ারম্যান রনজিৎ কুমার হীরা বিষয়টি নিয়ে ১৯ মার্চ সালিশ করার সিদ্ধান্ত দেন। তবে বৃহস্পতিবার নিত্য বিশ্বাসের ভাই নিতাই বিশ্বাস পাটিকেলবাড়ি বাজারে এলে তাকে অসীম ও আরো কয়েকজন মারধর করে। ঘটনার জেরে পাটিকেলবাড়ি ও টুঠামান্দ্রা গ্রামের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৫৮ ঘ.