ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলামের ছিনতাই হওয়া গাড়িটি আট দিন পরে উদ্ধার করেছে পুলিশ।
মহানগর পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে টহল পুলিশ। এ সময় একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে বলে জানান তিনি।
মাসুদুর রহমান বলেন, “গত ৮ মার্চ মোহাম্মদপুর এলাকা থেকেই গাড়িটি ছিনতাই করে সন্ত্রাসী নজরুল বাহিনীর সদস্যরা। ওই গাড়ি নিয়ে তারা বৃহস্পতিবার রাতে ছিনতাই করতে নামে।”
এ সময় টহল পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা মোহাম্মদপুরের বছিলা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ওই দলের নেতা নজরুল ইসলাম নিহত হন বলে অতিরিক্ত উপ কমিশনার জানান।
পুলিশ পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পুলিশের একটি সিগন্যাল লাইটসহ গাড়িটি উদ্ধার করে বলে উল্লেখ করেন মাসুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জেকে/১৫৪০ ঘ.
bdnews24