২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন’

অননুমোদিত ও বেআইনি করাত কল ও ইট ভাটা বিষয়ে ১৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অননুমোদিত ও বেআইনি করাত কল ও ইট ভাটা বিষয়ে ১৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট। এরা হলেন- ঢাকা, চট্টগ্রাম, মাগুরা,খুলনা, কক্সবাজার, বান্দরবান, রংপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, বরিশাল ও বরগুনা জেলার প্রশাসক; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রধান বন সংরক্ষক। ছয় সপ্তাহের মধ্যে এরা সহ মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও পরিবেশ সচিবকে এর জবাব দিতে হবে। এছাড়া অননুমোদিত ও বেআইনিভাবে গড়ে ওঠা ইট ভাটা এবং করাত কল বন্ধ ও অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানাতে বলেছে হাই কোর্ট। হাই কোর্টের পাঁচ আইনজীবীর দায়ের করা এক রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে প্রকাশিত অননুমোদিত ও বেআইনি করাত কল ও ইট ভাটা সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন সংযুক্ত করে গত ১২ ফেব্রুয়ারি রিটটি দায়ের করা হয়। রিটকারী আইনজীবীরা হলেন- মোহাম্মদ হোসেন, শাহীন আহমেদ, হাবিবুর রহমান, তানভীর পারবেজ ও আব্দুল্লাহ আল মতিন। প্রাথমিক শুনানিতে গত ১৪ ফেব্রুয়ারি আদালত ওই প্রতিবেদনগুলোর তথ্য উপাত্ত জমা দেওয়ার আদেশ দেয়। পরে মঙ্গলবার ডেইলি স্টার এবং বৃহস্পতিবার প্রথম আলো নিজ নিজ প্রতিবেদনের সমর্থনে তথ্য উপাত্ত আদালতে জমা দেয়। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ হোসেন। দৈনিক পত্রিকা দুটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকবার কবির লিটন ও অ্যাডভোকেট সাফায়াত সুলতানা রুমী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯১৩ ঘ.